ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে সাবেক এমপির ভাইসহ আটক ৪

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১ এএম

ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) ফেনী সদর উপজেলার কাজীরবাগ ও দাগনভূঞা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি শর্টগান ব্যারেল ও শর্টগানের সরঞ্জামাদি, ৩৭টি শর্টগান এ্যামো, ১টি এয়ারগান ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- ফেনী সদর উপজেলার কাজীরবাগ এলাকার জিয়াউদ্দিন ডালিম, জীবন কৃষ্ণ দে, ইয়াসিন হাসান এবং দাগনভূঞার এনায়েতপুর এলাকার মেহেরাজ।

তাদের তথ্যমতে, শহরের শহীদ আব্দুস সালাম স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াসিন হাসান (২৫) নামে একজনকে আটক করা হয়।

জানা গেছে, যৌথ বাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালের দিকে ফেনী সদর উপজেলার কাজিরবাগ এলাকা থেকে জিয়াউদ্দিন ডালিম ও তার সহযোগী জীবন কৃষ্ণকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে শহরের একাডেমি এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিন হাসান নামের এক যুবককে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়। আটক জিয়াউদ্দিন ডালিম বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক এমপি রেহানা আক্তার রানুর ছোট ভাই।

একই সময়ে পৃথক অভিযানে দাগনভূঞা উপজেলার এনায়েতপুর এলাকা থেকে আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামি মেহেরাজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, যৌথ বাহিনীর অভিযানে তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজনকে নিয়মিত মামলা ও অন্য দুজনকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত