ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক ব্যক্তিকে গতকাল বুধবার রাতে ‘চোর সন্দেহে’ পিটিয়ে হত্যার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে হল প্রশাসন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) হলটির প্রভোস্ট অধ্যাপক ড. শাহ মো. মাসুম সাত সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করেন। নিহত ওই ব্যক্তির নাম তোফাজ্জল।
তদন্ত কমিটিকে সন্ধ্যা ৬টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে হলটির আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আলমগীর কবীরকে। অনান্য সদস্যরা হলেন, অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খান, অধ্যাপক ড. শেখ জহির রায়হান, মো. মাহাবুব আলম, ড. আছিব আহমেদ, ড. এম এম তৌহিদল ইসলাম এবং সহকারী প্রক্টর এ. কে. এম. নূর আলম সিদ্দিকী।
অপর এক বিজ্ঞপ্ততে এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের দুপুর ১২টায় হল অফিসে উপস্থিত হয়ে তদন্ত কমিটিকে সহায়তা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।
