নতুন করে এদেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বরদাশত করা হবে না উল্লেখ করে গণসংহতি আন্দোলনের নেতারা বলেছেন, আইন হাতে তুলে নিয়ে নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল ঢাবির হলে গণপিটুনিতে নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন।
ভয়ংকর নিষ্ঠুরতার সঙ্গে পিটিয়ে মানুষ মেরে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এরকম হত্যার সঙ্গে জড়িতরা কোনোভাবেই ছাড় পেতে পারে না। সেই সঙ্গে নতুন করে এদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বরদাশত করা হবে না।
নেতৃবৃন্দ বলেন, গত কয়েকদিনে ৬ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত পরশু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম আহমেদ এবং গতকাল রাতে চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আরো একজনকে হত্যা করা হয়েছে। অবিলম্বে এই ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। এ ঘটনায় ব্যবস্থা নিতে অক্ষম প্রক্টর, আবাসিক শিক্ষককেও দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। এরকম ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধে দ্রুততম সময়ের ভেতরে এই ঘটনার সাথে যুক্তদের বিচার নিশ্চিত করতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে, মব লিঞ্চ ঘটনা ঘটতে দেওয়া যাবে না। সেই সঙ্গে এটা সকলকে বুঝিয়ে দেওয়া জরুরি যে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ রাষ্ট্র রূপান্তর ও মেরামতের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক দেশের দিকেই যাত্রা করবে। আগামীর বাংলাদেশে একদিকে যেমন অপরাধপ্রবণতা কমে সুশাসন নিশ্চিত হবে, জনতা নিজের হাতে আইন তুলে নিবে না এবং অন্যদিকে তেমনি রাষ্ট্রীয় নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থাকবে না।
জাবিতে হত্যা: প্রগতিশীল শিক্ষকদের নিন্দা
বিচার না হওয়া পর্যন্ত ঢাবি ও জাবিতে গাইবেন না সানি