আন্দোলনে নিহত রাজমিস্ত্রি নুর আলমের পরিবারকে সহায়তা 

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকায় গুলিতে নিহত কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মোল্লা পাড়া এলাকার রাজমিস্ত্রি নুর আলমের পরিবারের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নুর আলমের কবর জেয়ারত ও তার পরিবারের খোঁজ নিতে তার বাড়িতে যান জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে কাছে পেয়ে শহীদ নুর আলমের বাবা মা, অন্তঃসত্ত্বা স্ত্রী ও নুর আলমের ছোটভাই আবেগাপ্লুত হয়ে পড়েন। 

জেলা প্রশাসক এ সময় তাদের সান্তনা দেন এবং তার মায়ের হাতে নগদ টাকা ও স্ত্রীর হাতে ফল তুলে দেন। এ সময় তিনি বলেন, নুর আলম এ দেশের জন্য শহীদ হয়েছে, তাদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। তারা আমাদের জাতীয় বীর। তার পরিবারের যে কোন ধরনের সহায়তার জন্য জেলা প্রশাসন প্রস্তুত।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. বরমান হোসেন, সদর উপজলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্রসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, আমরা পর্যায়ক্রম সকল শহীদ পরিবারের সদস্যদর কাছে যাব এবং তাদের সরকারিভাবে সহায়তা করা হবে। শহীদরা আমাদের শিখিয়ে গেছে সমাজে বৈষম্য করা যাবে না।

গত ২০ জুলাই সকালে গাজীপুরের চৌরাস্তা এলাকায় রাজমিস্ত্রির কাজ করে ভাড়া বাসায় খেতে যাওয়ার সময় একটি গুলি নুর আলমের চোখ ভেদ করে বেরিয়ে যায়। পরে সেখানেই লুটিয়ে পড়ে নিহত হন তিনি। সেখান থেকে লাশ নিয়ে এসে পর দিন (২১ জুলাই) তাকে গ্রামের বাড়ি কুড়িগ্রামে দাফন করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত