বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি অভিযোগ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে গত ১৯ জুলাই বনানীর মহাখালী ট্রাফিক পুলিশ বক্সের সামনে মো. শাহজাহান নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৩৯ জনকে আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ অভিযোগটি দাখিল করেন শাহজাহানের খালা মাজেদা খাতুন।
এ ছাড়া ৫ আগস্ট রাজধানীর মেরুল বাড্ডায় বাড্ডা থানা রোডের মাথায় মো. রায়হানকে হত্যার ঘটনায় আরেকটি অভিযোগ হয়েছে। এতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ ৭৩ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে একই তারিখে উত্তরা পূর্ব থানা ব্র্যাক ব্যাংকের সামনে হারুন অর রশিদকে গুলি করে হত্যার ঘটনায় নিহতের চাচাতো বোন তাসলিমা কাজী গত বুধবার একটি অভিযোগ করেন। উভয় অভিযোগে আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৩(২) ও ৪(১)/৪(২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থায় গতকাল পর্যন্ত ২৭টি অভিযোগ করা হলো।
