জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত ১৫ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে ও উপাচার্যের বাসভবনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা এবং ১৭ জুলাই শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মাহাতাব উজ জাহিদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালী। কমিটির বাকি সদস্যরা হলেন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম, ফার্মেসী বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দীন। এছাড়াও সচিব হিসেবে রয়েছেন ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন ও আইন) মো. মাহতাব-উজ-জাহিদ।
অফিস আদেশে বলা হয়, গত ১৫ জুলাই সন্ধ্যা ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে ও একই দিনে রাত ১২টার সময় জাবি উপাচার্য ভবনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছররা গুলি বর্ষণ এবং ১৭ জুলাই বিকেল ৩টার সময় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের উপর হামলা ও ছররা গুলি বর্ষণ সংক্রান্ত বিষয়ে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমাদানের জন্য তদন্ত কমিটি গঠন করা হলো। গঠিত কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দয়ার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, গত ১৫ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে সন্ধ্যা ৭টার দিকে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা চালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে অন্তত ৫ থেকে ১০ জন শিক্ষার্থী আহত হন। একই দিন রাত ১২টার দিকে উপাচার্যের বাসভবনে বহিরাগতদের সঙ্গে নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। পরে শিক্ষার্থী ও হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ছররা গুলি ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। এতে অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হন। পরে ১৭ জুলাই বিকেলে আন্দোলনকারীদের ওপর টিয়ারশেল, ছররা গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হন।
আজ থেকে শুক্রবারে যে সূচিতে চলবে মেট্রোরেল
বাবা-মা ও ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় তোফাজ্জল