পরপর দুই টেস্ট সিরিজে পাঁচ উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছেন হাসান মাহমুদ। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন। এবার নিলেন ভারতের বিপক্ষে চেন্নাইয়ে। দুই দেশের মাটিতে হাসানের পাঁচ উইকেটই যে কোনো বাংলাদেশি পেসারদের সেরা বোলিং ফিগার। তাই হাসানকে প্রশংসায় ভাসালেন সঞ্জয় মাঞ্জরেকার।
সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ধারাভাষ্যকার মাঞ্জরেকার লিখেছেন, ‘হাসান মাহমুদকে প্রথমবার এশিয়া কাপের সময় দেখেছি। আমার কাছে তাকে বিশেষ একজন মনে হয়েছে। বোলার হিসেবে সে শক্তিশালী, নিখুঁত। সে এমন এক লাইনে বল করে, যা টেস্টের এই যুগে তাকে অনেক উইকেট এনে দেবে। ওপরের সবকিছু (কথাগুলো) অটুট রাখতে হলে তাকে কখনোই গতি কমানো যাবে না। তার জন্য শুভকামনা!’
গতকাল বৃহস্পতিবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই রোহিত শর্মা, গুবমান গিল ও বিরাট কোহলিকে আউট করে ভারতের ব্যাটিং ভিত নাড়িয়ে দিয়েছিলেন হাসান। দ্বিতীয় সেশনে ফেরান ঋষভ পন্তকেও। এরপর ভারত ঘুরে দাঁড়ায় অশ্বিন-জাদেজার জুটিতে। আজ দ্বিতীয় দিনে যশপ্রীত বুমরাকে আউট করে পাঁচ উইকেট পূরণ করেন ২৪ বছর বয়সী এই পেসার।
শাস্তি হতে পারে নাজমুলদের
ভারতের মাটিতে ইতিহাস গড়লেন হাসান