বান্দরবানে সন্ত্রাসী আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার 

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম

বান্দরবানের রুমা উপজেলায় বিজিবির অভিযানে অস্ত্র, গোলাবারুদ-সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিজিবির রুমা ব্যাটালিয়ানের (৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুমার দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়া এলাকা সংলগ্ন গহীন জঙ্গলে একটি আস্তানা স্থাপন করে একদল পাহাড়ী সন্ত্রাসী তাদের কার্যক্রম চালাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হকের নেতৃত্বে সেখানে একটি সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সন্ত্রাসীদের একটি আস্তানা শনাক্ত করে আস্তানাটি থেকে ২টি অটোমেটিক কারবাইন অ্যাসল্ট রাইফেল, ১টি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, ৩টি এসবিবিএল, ২১ রাউন্ড তাজা গুলি, ১টি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, ১টি অত্যাধুনিক প্রযুক্তির সিগন্যাল জ্যামার, ১টি অডিও-ভিডিও রেকর্ডার, ১টি ভিডিও ক্যামেরা, ১টি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর গোয়েন্দা বোতাম ক্যামেরা, ১টি শবু ডিভাইস হিডেন ভিডিও রেকর্ডার, ১টি দূরবীণ, ২টি ওয়াকিটকি, ১টি ল্যাপটপ, ২টি পাওয়ারফুল লাইট, ১টি সোলার সিস্টেম, ১টি আকাশ টিভি রিসিভার, ২টি এন্ড্রয়েড মোবাইল, ২টি বাটন মোবাইল, দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, এসময় অবজারভেশন পোস্ট, পরিখা, অস্থায়ী অস্ত্রাগার, বিশ্রামাগার, কুক হাউজ ইত্যাদির সন্ধান পাওয়া যায়, যা অভিযানে ধ্বংস করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত