আউট না হয়েও ‘দলের স্বার্থে’ আউট কোহলি?

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৯ পিএম

চেন্নাই টেস্টে ব্যাট হাতে খারাপ সময় কাটছে বিরাট কোহলির। ভারতের ব্যাটিং কিং প্রথম ইনিংসে ৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৭ রানে আউট হয়ে যান। গতকাল শুক্রবার ভারতের দ্বিতীয় ইনিংসে কোহলির আউটটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এদিকে ভারতের সাবেক ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার মনে করেন, দলের স্বার্থে রিভিউ বাঁচিয়ে রাখতেই কোহলি নাকি আউট মেনে নিয়েছেন।

মেহেদি হাসান মিরাজের বলটি কোহলির ব্যাট ছুঁয়ে প্যাডে লাগে। বাংলাদেশের আউটের আবেদনে সাড়া দেন আম্পায়ার রিচার্ড কেটলবরো। কোহলি বুঝতেই পারেননি বল তার ব্যাটে সামান্য লেগেছে। তিনি শুবমানের সঙ্গে আউটের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করলেও রিভিউ নেননি। বিষয়টি বোঝা যায় কয়েক সেকেন্ড পর। রিভিউ নেওয়ার জন্য নির্ধারিত ১৫ সেকেন্ড পর স্নিকোমিটারে দেখা যায় বল কোহলির ব্যাটে লেগেছিল।

টিভি রিপ্লে দেখে হতাশ হয়ে পড়েন ড্রেসিংরুমে থাকা ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার অভিব্যক্তিতে ফুটে ওঠে হতাশা। মাঠে নন-স্ট্রাইকার প্রান্তে থাকা শুবমানও হতবাক হয়ে যান। ভুল বুঝতে পেরে হাসতে দেখা যায় আম্পায়ার কেটলবোরোকেও। ততক্ষণে হেঁটে হেঁটে প্রায় ড্রেসিংরুমে পৌঁছে গিয়েছেন কোহলি। ভারতের ক্রিকেটাঙ্গনে প্রশ্ন উঠেছে, কোহলি কেন রিভিউ নিলেন না?

এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় মাঞ্জরেকার লিখেছেন, ‘কোহলির জন্য খুব খারাপ লাগছে। আমি নিশ্চিত কোহলি বুঝতে পারেনি বল তার ব্যাটে লেগেছিল। গিলের কাছে জানতে চেয়েছিল যে- বল স্টাম্প বরাবর এসেছে কিনা। গিল বারবার কোহলিকে রিভিউ নেওয়ার কথা বললেও সে ড্রেসিংরুমে ফিরে যায়। হয়তো দলের জন্য তিনটি রিভিউ বাঁচিয়ে রাখতে চেয়েছিল!’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত