২০২২ সালে চরম অর্থনৈতিক সংকট ও গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত ও দেশ ছেড়ে পলায়নের পর প্রথমবারের মত দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় শনিবার সকাল সাতটায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে, শেষ হবে বিকেল চারটায়।
ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হবে ভোট গণনা। আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যেতে পারে আগামীকাল রোববার।
এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী হয়েছেন ৩৮ জন। তবে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ প্রার্থী মূলত ৪ জন এবং ভোটের মূল লড়াই হচ্ছে এই চার জনের মধ্যেই। খবর আল জাজিরা এবং বিবিসি।
নির্বাচনের গুরুত্বপূর্ণ তিন প্রার্থী হলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট এবং ইউনাইটেড ন্যাশনাল পার্টির রনিল বিক্রমাসিংহে, ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুড়া কুমার দিসানায়েক এবং বিরোধী দল সঙ্গী জন বালাওয়েগার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসা।
প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। দুই বছর আগে নজিরবিহীন এক অর্থনৈতিক সংকটের মধ্যে দেশজুড়ে গণবিক্ষোভ ছড়িয়ে পরলে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ থেকে পালিয়ে যান।
সে সময় অর্থনৈতিক সংকট ও বিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপক্ষে দেশ ছাড়ার পর পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পান। তার গত দুই বছরের নেতৃত্বে ইতোমধ্যে একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে শ্রীলঙ্কার অর্থনীতি।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আগে শতাধিক প্রচারণা ও সমাবেশ করেন বিক্রমাসিংহে। নির্বাচনী প্রচারণায় তিনি দেশে দেউলিয়াত্বের অবসান ঘটাতে সংস্কার চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
লড়াইয়ে এগিয়ে থাকা আরেক প্রার্থী ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুড়া কুমার দিসানায়েক। একসময় প্রান্তিক পর্যায়ে চলে যাওয়া মার্ক্সবাদী দলের নেতা তিনি। তার দলের সহিংস অতীত সত্ত্বেও অর্থনৈতিক সংকতের সময় তার প্রতি জনগণের সমর্থন বেড়েছে। নির্বাচনী প্রচারনার সময় ৫৫ বছর বয়সী এই নেতা দ্বীপ দেশটিরর "দুর্নীতিগ্রস্থ" রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে শক্ত অবস্থানে আছেন বিরোধী দল সঙ্গী জন বালাওয়েগার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসাও। ১৯৯৩ সালে গৃহযুদ্ধের সময় আততায়ীর হাতে নিহত সাবেক শ্রীলঙ্কান প্রেসিডেন্ট প্রেমাদাসা রানাসিংহে প্রেমাদাসার ছেলে তিনি। ধারণা করা হচ্ছে নির্বাচনে শক্তিশালী টক্কর দিবেন তিনিও।
অন্যদিকে রাজাপক্ষে পরিবার থেকে প্রার্থী হয়েছেন ৩৮ বছর বয়সী নামাল রাজাপক্ষে। এই পরিবার থেকে অতীতে দুজন প্রেসিডেন্ট ছিলেন, যাদের একজন হলেন নামালের বাবা মাহিন্দা রাজাপক্ষে আর অপরজন চাচা গোতাবায়া রাজাপক্ষে যিনি দুই বছর আগে দেশ ছেড়ে পালিয়েছেন।
নামাল লড়ছেন শ্রীলঙ্কান পদুজন পেরামুনা (এসএলপিপি) দল থেকে। এই দলের প্রতিষ্ঠাতা তাঁর আরেক চাচা বাসিল রাজাপক্ষে।
শ্রীলঙ্কায় সবশেষ প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। এরপর ২০২২ সালে প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুতের দুই বছর পর দেশটির জনগণ প্রথমবারের মতো নতুন নেতা বাছাইয়ের সুযোগ পাচ্ছেন। নেতা বাছাইয়ের সুযোগের পাশাপাশি এই নির্বাচনকে দেশটির ভবিষ্যৎ অর্থনৈতিক সংস্কারের নির্ধারক হিসেবেও দেখা হচ্ছে।
প্রেসিডেন্ট নির্বাচনের নতুন আইন অনুযায়ী, একজন ভোটার তিন প্রার্থীকে ভোট দিতে পারবেন। কোনো একজন প্রার্থী কমপক্ষে ৫০ শতাংশ বা এর চেয়ে বেশি ভোট পেলে, তাঁকে বিজয়ী ঘোষণা করা হবে। আর কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা (রান-অফ) ভোট হবে।
আল জাজিরা বলছে, প্রায় ১৭ মিলিয়ন শ্রীলঙ্কান এবার ভোট দেবেন। রেকর্ড ৩৮ জন প্রার্থী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশটিতে অতীতেও রাজনৈতিক সহিংসতার ইতিহাস থাকায় এবার ভোটকেন্দ্রে নিরাপত্তা বজায় রাখতে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রীলঙ্কায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ