ঢাকা দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা দূর করে নয়াদিল্লির সঙ্গে কর্ম-সম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, আমাদের অবশ্যই ঢাকা ও নয়াদিল্লির মধ্যে একটি কর্ম-সম্পর্ক বজায় রাখার চেষ্টা চালাতে হবে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তৌহিদ বলেন, ঢাকা-নয়াদিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নেওয়া সম্ভব সমস্ত সমস্যা সমাধান করে। আমরা পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।
দুই দেশের মধ্যে বর্তমান টানাপোড়েনের কথা স্বীকার করে হোসেন বলেন, ‘আমাদের অবশ্যই টানাপোড়েন স্বীকার করতে হবে। আমরা যদি সমস্যার মোকাবেলা না করি, আমরা তা সমাধান করতে পারব না।’
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ইউএনজিএ’র ফাঁকে সম্ভাব্য বৈঠকের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অধ্যাপক ইউনূস নিউইয়র্কে পৌঁছানোর আগেই মোদি নিউইয়র্ক ত্যাগ করবেন। তাই তাদের মধ্যে কোনও বৈঠক সম্ভব হবে না।
বৈঠকে অনুপস্থিতির বিষয়টি অন্তর্বর্তী সরকারের করা মন্তব্য ও ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সাথে সম্পর্কিত কি-না জানতে চাইলে হোসেন বিষয়টি নাকচ করে বলেন, ভারতের শীর্ষ নেতারা অতীতেও মন্তব্য করেছেন। তবে এটি এমন কিছু নয় যা নেতাদের বৈঠকে বসতে বাধা দেয়।
তিনি বলেন, এমন কিছু ঘটনাও হতে পারে, যখন বাংলাদেশ ভারতের অনেক মন্তব্য পছন্দ করে না। এটি বড় সমস্যা নয়। আমরা আমাদের প্রতিবেশীদের পরিবর্তন করতে পারি না। তবে শুধুমাত্র ভালো সম্পর্কের সাথে সহাবস্থান করতে পারি।
তৌহিদ জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ২৩ সেপ্টেম্বর ৭৯তম ইউএনজিএ-তে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা করবেন এবং ২৭ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে তার বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।
তিনি আরো বলেন, সেখানে প্রধান উপদেষ্টা গত দুই মাসে বাংলাদেশে অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের বিষয়টি জানাবেন এবং একটি জনকেন্দ্রিক, কল্যাণমুখী ও ন্যায়সঙ্গত রাষ্ট্র গঠনে তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করবেন বলে আশা করা হচ্ছে।
আলমগীর হোসেনকে চাকরিচ্যুত করায় ডিজাব-ক্র্যাবের নিন্দা
বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
জাপানে ‘নজিরবিহীন’ বৃষ্টিতে বন্যা ও ভূমিধস, নিহত ১