রংপুরের মিঠাপুকুরে বাসের সঙ্গে ইটভাঙা মেশিনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার সময় উপজেলার ঢাকা রংপুর হাইওয়ের শঠিবাড়ি এলাকায় ড্রিম প্লাস পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের পীরগঞ্জ বড়দারগাহ হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুর রাশেদ।
নিহতরা হলেন, রাজশাহীর চারঘাট থানার হলদি বাড়ি এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে হাছেন মিয়া (৪০), একই গ্রামের মৃত খোদা বকস’র ছেলে সেলিম (৪২)। তারা দুজনেই ইটভাঙা মেশিনের শ্রমিক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত সাড়ে ৮টার সময় ঢাকা থেকে রংপুরগামী সৌখিন পরিবহনের সঙ্গে রাস্তার পশ্চিম থেকে পূর্বপাশে দ্রুতগতিতে পারাপারের সময় ইটভাঙা মেশিনকে ধাক্কা দেয় সৌখিন পরিবহন। এসময় ঘটনাস্থলেই ২ জন নিহত হয়।
বড়দারগাহ হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুর রাশেদ জানান, এ ঘটনায় ইট ভাঙা মেশিনে অবস্থানরত ২ জন নিহত হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি বলে তিনি জানান।
