ইসরায়েলের বিমান ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা, স্কুল বন্ধের ঘোষণা

  • পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরণের প্রতিশোধ হিসেবে ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ
  • হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েলের অনেক এলাকায় শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫০ এএম

ইসরায়েলের শিল্প ও সামরিক অবস্থানকে লক্ষ্য করে রাতারাতি লেবানন থেকে উত্তর ইসরায়েলে প্রায় ১০৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এদের মধ্যে বেশিরভাগই ধ্বংস করে দেওয়া হয়েছে, তবে কয়েকটি বাড়িঘরে আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

উত্তর ইসরায়েলের এই হামলার জেরে সারা রাত ধরে বিমান হামলার সাইরেন বাজছিল বলে জানিয়েছে আইডিএফ। খবর বিবিসি।

হিজবুল্লাহ জানিয়েছে যে, গত সপ্তাহে পেজার এবং ওয়াকি-টকি বিস্ফোরণের প্রতিশোধ হিসেবে উত্তর ইসরায়েলে লক্ষ্যবস্তুতে কয়েক ডজন রকেট ছুড়েছে তাঁরা।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে যে, লেবানন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেশটির উত্তর জেলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত করেছে এবং এতে সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং পুলিশসহ বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা উত্তরের এলাকায় আরও অনুসন্ধান চালাচ্ছে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে ইসরায়েলি বিমানঘাঁটিতে রোববারও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। হিজবুল্লাহর দাবি, তারা ইসরায়েলের রামাত ডেভিড এয়ারবেসে দ্বিতীয়বারের মতো কয়েক ডজন ফাদি ১ এবং ওয়াদি ২ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুই দিনের ক্ষেপণাস্ত্র হামলায় ক্রায়োত এবং লোয়ার গ্যালিলি অঞ্চলে সামান্য আহত তিনজনকে চিকিৎসা দিয়েছেন চিকিৎসকরা।

অন্যদিকে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলার পর ইসরায়েলের একর, নাহারিয়া, টাইবেরিয়াস এবং সাফেদ শহরের স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া টাইমস অফ ইসরায়েল জানিয়েছে যে, হাইফাতেও স্কুল বন্ধ রাখা হয়েছে।

এদিকে আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডএম ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েলে লেবাননের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধে কয়েক ডজন যুদ্ধবিমান দক্ষিণ লেবাননে ব্যাপকভাবে আঘাত হেনেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত