মিরপুর স্টেডিয়ামে সেনা মহড়া

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০১ পিএম

হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হুট করেই বোমা বিস্ফোরণ। যার কিছুক্ষণের মধ্যেই মাঠে জিম্মি হয়ে যান খেলোয়াড়রা। তাদের উদ্ধার করতে জরুরি ভিত্তিতে মাঠে নামে সেনাবাহিনী। কয়েক মিনিট ধরে চলে গোলাগুলি। কমান্ডো স্টাইলে ‘জিম্মিকারীদের’ ওপর আক্রমণ করে সেনাবাহিনী। ‘জিম্মিদশা’ থেকে মুক্ত করে খেলোয়াড়দের। এরপর ড্রেসিংরুম থেকে খেলোয়াড়দের হেলিকপ্টারে করে দ্রুত নিয়ে যাওয়া হয় নিরাপদ অবস্থানে। তাদের নিরাপদে পাঠিয়ে বাকি সদস্যরা স্টেডিয়াম শত্রুমুক্ত করার মিশনে নামেন।

আজ রবিবার দুপুর ১২টায় এই ঘটনা ঘটে। তবে এটা বাস্তবের নয়। এটা মূলত মিরপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর কমান্ডো মহড়ার অংশ। দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে সরে গেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। শঙ্কা আছে ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েও। এই সিরিজকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে বাংলাদেশে এসেছেন দেশটির তিন জনের প্রতিনিধি দল। তাদের শঙ্কা দূর করতে কাজ করছে বিসিবি। তবে এর আগেও এই ধরনের সেনা মহড়া হয়েছে মিরপুর স্টেডিয়ামে।

আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসার কথা দক্ষিণ আফ্রিকার। এক দিনের বিশ্রাম শেষে প্রোটিয়ারা অনুশীলন করবে ১৮, ১৯ ও ২০ অক্টোবর। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ অক্টোবর। সিরিজের দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে ২৯ অক্টোবর।

সেনাবাহিনীর আধঘণ্টার এ মহড়া একদিকে যেমন ছিল শ্বাসরুদ্ধকর, আরেক দিকে হয়ে ওঠে মনোমুগ্ধকর। ঐ সময়ে স্টেডিয়ামের আকাশে উড়তে দেখা যায় হেলিকপ্টার। মিনিট কয়েক প্রদক্ষিণের পরপরই হেলিকপ্টারগুলো স্টেডিয়াম এলাকা ছাড়ে।

বাংলাদেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা দেখতে শনিবার রাতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তিন সদস্যের একটি পর্যবেক্ষক দল ঢাকায় এসে পৌঁছেছে। পর্যবেক্ষক দলটি আজ (রবিবার) সকালেই চলে গেছে চট্টগ্রামে। ওখানে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ঘুরে দেখছেন।

এরপর আগামীকাল তাদের শেরে বাংলা স্টেডিয়াম পরিদর্শন করার কথা রয়েছে। দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে পর্যবেক্ষক দল যে রিপোর্ট জমা দেবে, তার ওপর নির্ভর করছে অক্টোবরে প্রোটিয়াদের বাংলাদেশ সফর।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত