ইসরায়েলি বিমান হামলা

বাড়ি-ঘর ছেড়েছে দক্ষিণ লেবাননের হাজার হাজার বাসিন্দা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮ পিএম

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহতের সংখ্যা বেড়ে ২৭৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১ হাজার ২৪ জন। সোমবার (২৩ সেপ্টেম্বর) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার তারা হিজবুল্লাহর ৮০০ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। লেবাননের পূর্ব সীমান্ত বরাবর বেকা উপত্যকার এলাকাগুলোতে অভিযান সম্প্রসারণ করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

হামলা থেকে বাঁচতে হাজার হাজার মানুষ দক্ষিণ লেবানন ছেড়ে পালিয়ে যাচ্ছে। এতে বৈরুতের প্রধান মহাসড়কে যানজট সৃষ্টি করে। দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামের বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছেন। যাতে তাদের শহরগুলোতে আঘাত হানার দৃশ্য দেখা গেছে।

হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে শতাধিক রকেট নিক্ষেপের একদিন পর এই বিমান হামলা চালানো হলো। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ সামরিক কমান্ডার এবং গোষ্ঠীটির এক ডজনেরও বেশি সদস্য নিহত হয়। এর জবাবে হিজবুল্লাহর রকেট হামলা চালানো হয়।

গত সপ্তাহে লেবাননের বিভিন্ন স্থানে প্রধানত হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত হাজার হাজার যোগাযোগ ডিভাইস বিস্ফোরিত হয়ে ৩৯ জন নিহত ও প্রায় তিন হাজার আহত হয়। লেবানন এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করলেও ইসরায়েল এর দায় স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত