অস্ত্রের মুখে জিম্মি করে জমি রেজিস্ট্রি নেওয়ার অভিযোগে চট্টগ্রাম-২ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম, তার দুই ছেলে ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরীসহ ৯জনের নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন পূর্ব রাউজান রশিদর পাড়ার মৃত রমজান আলীর ছেলে ইসলাম মিয়া। মামলাটি আমলে নিয়ে বাদীর অভিযোগ সরেজমিন তদন্ত করে আগামী ১১ নভেম্বর মামলার ধার্য তারিখে প্রতিবেদন দিতে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।
মামলা দায়েরের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বাদী আইনজীবী মেজবাহ উল আলম।
মামলার অন্য আসামিরা হলেন- মো. জমির উদ্দিন পারভেজ (৫৫), মো. জসিম উদ্দিন চৌধুরী (৬০), মিজানুর রহমান মুন্সি (৪৫), মো. লোকমান (৫০), মো. নাছির (৬০) ও বেদারুল ইসলাম (৬০) ।
মামলার আর্জিতে অভিযোগ করে বলা হয়, পূর্ব রাউজান মৌজার বিএস ৬৫১/৬৫২ খতিয়ানের অধীন বিএস ৩৭০/৩৭২/৩৭৩/৩৭৭ দাগের আন্দর ১৭৫০ শতাংশ এবং ৬৫২ নম্বর খতিয়ানের অধীন ১১০০ শতাংশ জমি বাদী এবং ভাইয়ের খাস দখলি সম্পত্তি। রাউজান সিনিয়র সহকারী জজ আদালতের অপর মামলায় ৬৪/২০১৩ সোলেনামা মূলে উক্ত সম্পত্তি প্রাপ্ত হয়ে তাদের নামে নামজারি খতিয়ান (৩১৫৮) সৃজন হয়।
২০১৯ সালের ৮ এপ্রিল রাতে বাদীকে তার বাড়ি থেকে তুলে নিয়ে তিন দিন যাবৎ এবিএম ফজলে করিমের খামার বাড়িতে আটকে রাখা হয়। জমি রেজিস্ট্রি করে দিতে আসামিরা চাপ সৃষ্টি করেন। এক পর্যায়ে বাদী ও তার প্রবাসী দুই ভাইয়ের পাসপোর্ট ছিনিয়ে নেওয়া হয়। চাপের মুখে জমি রেজিস্ট্রি করে দিতে অপরাগতা প্রকাশ করলে আসামিরা বাদী ও তার ভাইদের মারধর করেন। জমি রেজিস্ট্রি না দিলে বাদী ও তার পরিবারের সবাইকে হত্যার হুমকি দেন। দুই মাস পর ২০১৯ সালের ১২ জুন একই কায়দায় ইসলাম মিয়া (বাদী) এবং তার ভাই আবুল হাশেমকে অস্ত্রের মুখে জিম্মি করে রাউজান রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে দলিল রেজিস্ট্রি করে নেন আসামিরা।
সাবেক এমপি ফজলে করিম ২ দিনের রিমান্ডে
ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক
রাউজানের ক্ষমতাধর ‘সুলতানের’ পতন