সিলেটের বিয়ানীবাজারে যানজট নিয়ন্ত্রণের নামে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ওই চক্রকে সড়কে যানবাহন থামিয়ে চাঁদাবাজি করতে দেখা গেছে।
জানা গেছে, বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের বেজগ্রাম-তিলপাড়া অংশের প্রায় ৪৫০ মিটার রাস্তার আরসিসি ঢালাই কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে সড়কের অর্ধেক অংশের আরসিসি ঢালাইয়ের কাজও শেষ হয়েছে। নির্ধারিত দিন শেষে বাকি অংশের আরসিসি ঢালাই সম্পন্ন করবে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান। এ সুযোগে স্থানীয় কয়েকজন যুবক সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের নামে যানবাহন চালকদের নিকট থেকে ইচ্ছেমাফিক চাঁদা উত্তোলন করছেন।
সড়কে চাঁদা আদায় কেন্দ্র করে একদিকে যানজট, অন্যদিকে টাকা দিতে না চাইলে চালকদের সঙ্গে ঝগড়া-বিবাদ লেগে থাকে। প্রকাশ্যে এভাবে চাঁদাবাজির ঘটনা ঘটলেও বিষয়টি জানেন না স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা ও পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা। তবে তারা বলছেন, এ ধরনের কাজ অনৈতিক ও অপরাধমূলক। এটি ঘটতে দেওয়া যাবে না। আমরা আইনি প্রদক্ষেপ গ্রহণ করছি।
চাঁদা আদায়কারী বলছেন, স্থানীয় এলাকাবাসীর কথায় তারা এ কাজ করছেন। তবে ওই এলাকায় খোঁজ নিয়ে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে।
মাথিউরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনের জানান, আমাদের পরিষদ থেকে যানজট নিরসনের নামে চাঁদা উত্তোলনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কিংবা কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। এ ধরনের কর্মকাণ্ড অপরাধ উল্লেখ করে এ বিষয়ে তিনিও প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, চাঁদা উত্তোলনের একটি ভিডিও ফুটেজ আমি পেয়েছি। পরে থানা পুলিশকে বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছি।
বিয়ানীবাজার থানার ওসি মো. এনামুল হক চৌধুরী বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বামী-স্ত্রীর ঝগড়া হলেও টাকা দেওয়া লাগত ছাত্রলীগ নেতাকে
তেঁতুলিয়ায় ৩ রোহিঙ্গা নারী উদ্ধার
গয়েশ্বর ও রিজভীসহ ১০২ জনকে অব্যাহতি