মাহি আলোচনায় ভিন্ন কারণে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩ এএম

চিত্রনায়িকা মাহি চলচ্চিত্রে নেই বহুদিন। সর্বশেষ রাজকুমার নামে একটি চলচ্চিত্রে শাকিব খানের মায়ের চরিত্রে দেখা মিলেছিল তার। এরপর আর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি বা নতুন কোনো চলচ্চিত্রে যুক্ত হচ্ছেন কি না, এমন খবরও পাওয়া যায়নি। তবে বরাবরই মূল কাজের বাইরে খবরের শিরোনাম হচ্ছেন তিনি।

মাহি সামাজিক মাধ্যমে বেশ সরব। ফলে সবসময়ই তার হালনাগাদ পাওয়া যাচ্ছে। সরকারের পটপরিবর্তনে অনেক দিন নীরব ছিলেন। তবে এখন ফিরছেন নতুন নতুন কিছু কাজ নিয়ে। সেসব থেকে বোঝা যাচ্ছে এই অভিনেত্রী এখন প্রমোশনাল কাজ করছেন।

কিছুদিন আগে নিয়মিত খবরের শিরোনাম হতেন, কারণ সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। সে সময় রাজশাহীর একটি আসনের মাঠ চষে বেড়াচ্ছিলেন। খবরের কাগজে প্রতিদিন তিনি শিরোনাম হচ্ছিলেন। এরপর বিয়ে ভাঙার খবরে আলোচনায় আসেন। স্বামী রাকিবের সঙ্গে সংসার ভাঙার খবরে চলচ্চিত্র সংশ্লিষ্টরা অবাক হয়েছিলেন।

সম্প্রতি ভাইরাল হয়েছে মাহির নাচের একটি ভিডিও। দেড় মিনিটের ভিডিওটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। ভিডিওটি ঘিরে দুই ধরনের মন্তব্যের মধ্যে এগিয়ে আছে। নেতিবাচক মন্তব্যের তালিকা। নাচের ভিডিওতে দেখা গেছে, শরীরচর্চার মতো কসরত করছেন নাচের মুদ্রায়। কখনো আবার নিজেকে আবেদনময়ী রূপেও উপস্থাপন করছেন। ভিডিওতে তার এমন অঙ্গ ভঙ্গি পছন্দ করেছে অনেকেই। আবার কারও কাছে হাসির খোরাক হয়েছেন এই চিত্রনায়িকা। ভিডিওতে মাহির পরনের ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট। কেউ বলছেন, ‘অনেক দিন ধরে মাহি তেমন কোনো আলোচনায় নেই, হাতে কোনো কাজ নেই। সে কারণে তিনি এ ধরনের ভিডিও প্রকাশ করে সবার নজর কাড়তে চান।’

তিনি বলেন, ‘আমি ব্যস্ত অভিনেত্রী হতে চাই না। একের পর এক কাজ করছি, এমন আমার দরকার নেই। ভারতে যেমন পুষ্পা, কেজিএফ, কাল্কি এর জন্য একজন আল্লু অর্জুন, একজন প্রভাস যেমন বছরের পর বছর অপেক্ষা করে আমি তেমনই অপেক্ষা করতে চাই। মানুষ যেন আমাকে ব্যস্ত অভিনেত্রীর তকমা না দেয়, যেন তারা আমার অভিনয়ে মুগ্ধ হয়, তৃপ্ত হয়। শুধু কাজের সংখ্যা বাড়ানোটা আমার কাছে গুরুত্ব নয়। আমার অগ্নি, পোড়ামনের মতো বছরে যদি একটা ভালো সিনেমা করতে পারি, সেটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত