ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার অভিযোগে ফজলুল হক মুসলিম হল প্রভোস্ট অধ্যাপক শাহ মুহাম্মদ মাসুমসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে তোফাজ্জলের ফুফাতো বোন মোসা. আসমা আক্তার এ মামলা আবেদন করেন। আদালত মামলা গ্রহণ করে বলেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করেছে। বাদীপক্ষকে ওই মামলা ফলো করতে বলেছেন আদালত।
মামলায় অপর আসামির হলেন— জালাল মিয়া, সুমন মিয়া, ফিরোজ কবির, আবদুস সামাদ, মোত্তাকিন সাকিন শাহ, আল হোসাইন সাজ্জাদ, ওয়াজিবুল আলম, আহসান উল্লাহ, ফজলে রাব্বি, ইয়ামুস জামান, রাশেদ কামাল অনিক, শাহরিয়ার কবির শোভন, মেহেদী হাসান ইমরান ও মো. সুলতান। এরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে ৮টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে হলের কিছু শিক্ষার্থী। প্রথমে কিছুটা মারধর করে তাকে ভাত খাওয়ানোর পর নির্মম নির্যাতন করে। তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন জানার পরেও হলের দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে হাত বেঁধে স্ট্যাম্প, হকিস্টিক ও লাঠি দিয়ে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বেধড়ক মারধর করে। এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে রাত পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সংবাদ প্রচারিত হলে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।
ঘটনার পরদিন শাহবাগ থানায় একটি মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই মামলায় ৬ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা এরই মধ্যে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। ৬ শিক্ষার্থী হলেন—জালাল মিয়া, সুমন মিয়া, মো. মোত্তাকিন সাকিন, আল হোসেন সাজ্জাদ, আহসান উল্লাহ ও ওয়াজিবুল আলম।
