ঝিনাইদহ চক্ষু হাসপাতালের সহকারী পরিচালক মিলন হোসেনের বহিস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল এলাকায় এ কর্মসূচি পালন করে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে কর্মবিরতি দিয়ে হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সিনিয়র চিকিৎসক আব্দুল হালিম, মেডিকেল অফিসার আরাফাত রহমান, খালিদ নাঈম, কানিশ ফাতেমা, জুঁই আক্তার, নাহিদ পারভেজ, সুবোধ রঞ্জন, সিনিয়র ল্যাব সহকারী টেকশিয়ান তরিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, হিসাব সহকারী থেকে সহকারী পরিচালক হওয়া মিলন হোসেন হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ দিলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই দুর্নীতিবাজ মিলনের বহিস্কার দাবি করেন তারা। তা না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়া হয় কর্মসূচি থেকে।
