বাগেরহাটে চাঁদাবাজির অভিযোগে সাবেক ৫ কাউন্সিলর গ্রেপ্তার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৭ পিএম

বাগেরহাট পৌরসভার ৫ কাউন্সিলরকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। বাগেরহাট সদর মডেল থানায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তারা হলেন- বাগেরহাট জেলা কৃষকলীগের সভাপতি ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সলির শেখ আবুল হাসেম শিপন, জেলা শ্রমিক লীগের সভাপতি ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউর রহমান মন্টু, জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী কাউন্সিলর তানিয়া খাতুন, কোহিনুর বেগম ডালিম ও আসমা আজাদ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাসেলুর রহমান বলেন, চাঁদাবাজির অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বাগেরহাট পৌরসভার তিনজন নারী ও দুজন পুরুষ কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বাগেরহাট সদর মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

অন্যদিকে, বাগেরহাটের মোংলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে দু’টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে। বুধবার সকালে পৌরসভার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি শটগান, একটি একনলা বন্দুক, ৩৮টি তাজা গুলি এবং নগদ এক লাখ টাকা।

তারা হলেন, ফিরোজ আহমেদ (৩৮) ও তার ছোট ভাই সাদ্দাম হোসেন (৩৫)। তাদের বাড়ি মোংলা পৌরসভা কুমারখালি এলাকার বাসিন্দা।

কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা বুধবার সকালে যৌথভাবে মোংলা পৌরসভার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুইভাইকে গ্রেপ্তার করে। পরে সেখান থেকে অবৈধ দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩৮টি তাজা গুলি ও নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়। এই অবৈধ অস্ত্র দিয়ে তারা কী অপরাধ সংগঠিত করার পরিকল্পনা করছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে মোংলা থানায় হস্তান্তর করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত