লেবাননজুড়ে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৭২, আহত ৪০০

  • লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ‘সম্ভাব্য’ স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল
  • দেশটিতে ইসরায়েলের হামলার জেরে ৫ লাখ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৪ এএম

গত সোমবার লেবাননে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপর থেকে লেবাননের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার দেশটি। ইসরায়েলের নতুন হামলায় লেবাননে আরও অন্তত ৭২ জন নিহত এবং চার শতাধিক মানুষ আহত হয়েছেন।

ইসরায়েলি নতুন হামলায় দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬২০ জন। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে এবং রাজধানী বৈরুতের উত্তর ও দক্ষিণের তিনটি শহরে ইসরায়েলি হামলায় মোট ৭২ জন নিহত হয়েছেন।

এদিকে ইসরায়েল-গাজা যুদ্ধের শুরু থেকে লেবাননে শুধুমাত্র বিমান হামলা চালালেও এবার হিজবুল্লাহর বিরুদ্ধে একটি ‘সম্ভাব্য’ স্থল অভিযানের জন্য ইসরায়েলি সৈন্যদের প্রস্তুত থাকতে বলেছেন দেশটির সামরিক প্রধান হের্জি হালেভি।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মধ্যপ্রাচ্য একটি “পূর্ণ মাত্রার বিপর্যয়” দেখছে। একইসঙ্গে তেহরান সতর্ক করেছে, ইসরায়েল যদি সংঘাত বাড়ায় তবে “সব উপায়ে” লেবাননকে সমর্থন করবে ইরান।

লেবানিজ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশটিতে ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলার জেরে অন্তত পাঁচ লাখ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত