খুলনায় বিরামহীন বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ পিএম

খুলনায় বিরামহীন বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত বুধবার দুপুর থেকে একটানা পড়ছে বৃষ্টি। কখনো ঝিরিঝিরি, কখনো হালকা আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির যেন শেষ নেই। টানা বৃষ্টিতে নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে নগরীর রাস্তাঘাট। নগরীর নিম্নাঞ্চলের বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠাও তলিয়ে গেছে বৃষ্টির পানিতে।

এদিকে, বিরামহীন বৃষ্টির কারণে শ্রমজীবী মানুষ কাজের জন্য ঘর থেকে বের হতে পারছে না। আবার অনেকে বের হলেও কাজ মিলছে না। ফলে তাদের পরিবারে চরম সংকট দেখা দিয়েছে।

গত বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর থেকে প্রায় সারাদিন কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো ভারী বৃষ্টি হয়। গভীর রাত থেকে শুরু হয়ে একটানা বৃষ্টিপাত। এরকম বৃষ্টি ছিল বৃহস্পতিবার সারাদিন। আকাশ ছিল কালো মেঘে ঢাকা।

নগরীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায়, নগরীর রয়্যাল মোড়, পিটিআই মোড়, স্যার ইকবাল রোডের বাইতিপাড়া এলাকা, সাতরাস্তা মোড়, বড় মির্জাপুর, টুটপাড়া, বয়রা, মুজগুন্নি, রায়েরমহলসহ বিভিন্ন এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সড়ক তলিয়ে যাওয়ার কারণে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।

নগরীর বয়রা এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম বাপ্পী বলেন, একটু বৃষ্টি হলেই খুলনা মহানগরীর রাস্তাঘাট পানিতে ডুবে যায়। বিগত সরকারের আমলে ড্রেনের কিছু উন্নয়নমূলক কাজ হলেও তাতে কোনো কাজ হয়নি। একটু বৃষ্টি হলেই ড্রেন উপচে রাস্তা ডুবে যায়।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত খুলনায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত