সাকিবের অবসর নিয়ে যা বলেছিলেন নির্বাচক রাজ্জাক

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম

বৃহস্পতিবার দুপুরে কানপুরে সাকিব আল হাসান টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছিলেন, সাকিবের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন তারা। 

ভারতের সারগোদায় লিজেন্ডস লিগ খেলতে যাওয়া রাজ্জাক বলেন, ‘কেউ একজন তার (সাকিব) জায়গা নিতে অপেক্ষা করছে। অবশ্যই এমন ক্রিকেটার আছে, তবে আমি বলতে চাই এটি সাকিবের সিদ্ধান্তের বিষয়। যখনই সে মনে করবে যথেষ্ট (খেলা) হয়েছে, আমরা তাকে স্বাগত জানাব। এই মুহূর্তে এরচেয়ে বেশি বলা ঠিক হবে না, কারণ তার মতো ক্রিকেটার যে ১৫ বছর ধরে বিশ্বের সেরা অলরাউন্ডার, তাই আমি বলতে পারি না যে সে এখন আর ভালো খেলছে না কিংবা আমরা তাকে চাচ্ছি না।’

রাজ্জাক আরও বলেন, ‘আমরা সবসময়ই তাকে চাই, আবার একই সময়ে আপনাকে এই মঞ্চটা ছাড়ারও মানসিকতা রাখতে হবে। তাই আমরা সাকিবের সিদ্ধান্তের অপেক্ষায় আছি এবং আমি নিশ্চিত সে সঠিক সিদ্ধান্তই নেবে।’ এরপর সাকিব ও মুশফিকুর রহিমের প্রশংসা করে তিনি বলেন, ‘সাকিব-মুশফিকদের  ক্রিকেটার আপনি সহসাই পাবেন না। তারা ক্রিকেটকে বিদায় বলার সঙ্গে সঙ্গেই বিকল্প পেয়ে যাবেন না। সাকিব এই অবস্থানে পৌঁছাতে ২০ বছর খেলেছে, মুশফিকের ক্ষেত্রেও বিষয়টি একই।'

সাকিব-মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদদের মতো ক্রিকেটার অবসর নেওয়ার মাধ্যমে নতুন অধ্যায় শুরু হবে বাংলাদেশ ক্রিকেটের। যেখানে তরুণ ক্রিকেটাররা টাইগার ক্রিকেটকে এগিয়ে নিতে প্রস্তুত বলে মনে করেন রাজ্জাক, ‘তাদের মানের ক্রিকেটার তাৎক্ষণিক পাওয়া যাবে না ঠিক, তবে এখানে কিছু তরুণ ক্রিকেটার আছে, লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা ভালো করতে পারে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলে আসা অনেকেই দরজায় কড়া নাড়ছে। এখানে যোগ্য ও সামর্থ্যবান ক্রিকেটার আছে যাদের আন্তর্জাতিক মঞ্চে দেখতে আমরা মুখিয়ে আছি। আমরা তরুণ ক্রিকেটারদের কিছুটা সময় দিতে চাই, যাতে তারা এরসঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত