ঝুট ব্যবসার দখল নিয়ে সংঘর্ষ, বিএনপির ৪ নেতাকে বহিষ্কার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ পিএম

গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব নিয়ে গুলি বর্ষণ আর ককটেল বিস্ফোরণের ঘটনায় সহোদর দুই ভাইসহ বিএনপি অঙ্গসংগঠনের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- পৌর ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক শাহাদাৎ হোসেন পাপ্পু, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য এসএম পলাশ চঞ্চল, জেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও শিল্প অঞ্চলের আহ্বায়ক কাজল ফকির। কেন্দ্রীয়ভাবে তাদের বহিষ্কারের নিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ দিকে বহিষ্কার হওয়া যুবদল নেতা পলাশ চঞ্চল ও ছাত্রদল নেতা শাহাদাৎ হোসেন পাপ্পু আপন সহোদর দুই ভাই। প্রয়াত বিএনপি নেতা শাহজাহান চঞ্চলের ছেলে।

অপরদিকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধর ও হামলার শিকার হন সাংবাদিক হোসাইন আলী বাবু। তিনি বেসরকারি টেলিভিশন যমুনা টিভির গাজীপুর জেলা প্রতিনিধি। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে দুজনকে আসামি করে মামলা দায়ের করেছেন বাবু।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে জেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও জেলা যুবদলের সদস্য পলাশ চঞ্চলের কর্মী সমর্থকরা বেড়াইদের চালা এলাকার এসকিউ সেলসিয়াস পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে দ্বদ্বে জড়িয়ে পড়েন। এরপর দেশীয় আগ্নেয়াস্ত্র হাতে দুপক্ষ মুখোমুখি অবস্থান নেন। দা লাঠি চাপাতি হকিস্টিক নিয়ে তারা একে অপরে ওপর হামলা চালায়। এক পর্যায়ে উভয় পক্ষ চরম সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় অন্তত ১০টি ককটেল (হাত বোমা) বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বেশ কিছু ফাঁকা গুলি ছোড়ার ঘটনাও ঘটে।     

প্রত্যক্ষদর্শী নাগরিক টিভির সাংবাদিক আল আমীন বলেন, ‘সহকর্মী হোসাইন আলী বাবু তথ্য সংগ্রহ করতে গেলে দলীয় লোকজন তার ক্যামেরা মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে মারধর করেন। এ সময় পিস্তল ঠেকিয়ে তার কাছ থেকে সকল ভিডিও ফুটেজ ডিলিট করিয়ে নেয় তারা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করা। তিনি অভিযোগ করেন পুলিশের সামনেই সাংবাদিক হেনস্তা করা হয়েছে কিন্তু তারা নীরব ছিলেন।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, সাংবাদিককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। পুলিশ আসামিদের ধরতে কাজ শুরু করেছে।

গাজীপুর জেলা পুলিশ সুপার আবুল কালাম আযাদ সাংবাদিকদের জানান, পুলিশ এরমধ্যে অভিযানে নেমেছে। পুলিশ দায়িত্ব নিয়ে কাজ করছে। সাংবাদিকের সাথে এমন আচরণে পুলিশ অধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। আশা করি দ্রুত সময়ে অপরাধীরা ধরা পড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত