শেরপুরে ৩১ বস্তা সরকারি চাল জব্দ করেছে সদর থানা পুলিশ। এ সময় কামাল হোসেন (৫০) নামে এক অটোরিকশা চালককে আটক করা হয়েছে ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেনগর গ্রামের পাঞ্জরভাঙ্গা থেকে এই সরকারি চাল জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজিরখামার থেকে ১৬ বস্তা চাল অটোরিকশা বোঝাই করে অটোচালক কামাল হোসেন চান্দের নগর গারোভিটায় নিয়ে যায়। সেখান থেকে আরও কয়েক বস্তা চাল ডিলারের নির্দেশে বাকারকান্দা নিয়ে যাওয়ার পথে পাঞ্জরভাঙ্গা এলাকায় তা আটক করে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ৩১ বস্তায় প্রায় ১৫০০ কেজি চালসহ অটোরিকশা চালককে আটক করেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চালসহ একজনকে আটক করা হয়েছে। আরও কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
