জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের গোপনাঙ্গে আঘাত করে হত্যা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ পিএম

গাইবান্ধা সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। নিহতের নাম আবদুল মোমিন প্রধান (৬২)।

গতকাল শুক্রবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার সাহাপাড়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। আজ শনিবার রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোমিন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আলম উদ্দিন প্রধানের দুই স্ত্রী। প্রথম স্ত্রীর এক ছেলে আবদুল মোমিন প্রধান। দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে আমিরুল প্রধান ও আনোয়ারুল প্রধান। দীর্ঘদিন থেকে তাদের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। বিষয়টি সমাধানের জন্য স্থানীয়রা একাধিকবার সালিশ করে। গত শুক্রবার স্থানীয়রা আবারও লোকজন সালিশে বসেন। আবদুল মোমিন প্রধান গ্রামের লোকজনের সালিশ মেনে নেয়। কিন্তু সৎ দুই ভাই আমিরুল ও আনোয়ারুল সালিশের বিচার না মেনে চলে যায়। পরে বিকেলে আবদুল মোমিনের সঙ্গে ওই জমি নিয়ে তর্ক হয়। এক পর্যায়ে আমিরুল ও আনোয়ারুল ও তার ছেলে আওলাদ মিয়াসহ মারপিট করে মোমিনকে। এসময় মোমিন মাটিতে লুটে পড়েন। এ সময় মমিনের গোপনাঙ্গে ছোট ভাই আমিরুল ইসলাম আঘাত করে। এতে আরও গুরুতর আহত হয়ে পড়েন মোমিন। পরে আশপাশের লোকজন এসে মোমিনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে মারা যান মোমিন।

গাইবান্ধা সদর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মিজান মিয়া বলেন, এ ঘটনায় নিহতের ছেলে সাহেল মিয়া বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত