বলিউডের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম ক্যাটরিনা কইফ। তবে শুধু পর্দায় নয়, অভিনেত্রীকে প্রায়ই দেখা যায় তার স্বামী ভিকি কৌশলের সঙ্গে। পরিবার ও বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোর ছবি তারা শেয়ার করে নেন সমাজমাধ্যমে। কাজের চাপের মধ্যেও প্রিয়জনের সঙ্গে সময় কাটানো খুব জরুরি বলে মনে করেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, ধীরে ধীরে তিনি শিখে নিয়েছেন, কীভাবে কাজের মধ্যে নিজের জন্য সময় বের করে নিতে হয়। তার কথায়, পর পর কাজ থাকলেও নিজের জন্য একটু সময় সরিয়ে রাখা দরকার। এই সময়টা পরিবারের সঙ্গে কাটানো যেতে পারে অথবা নিজের পছন্দের কোনও কাজ করা যায়। না হলে কিছুক্ষণ হাত-পা ছড়িয়ে একটু বিশ্রামও নেওয়া যায়। খুবই প্রয়োজন সেটা। তাতে আবার পুরনো স্ফূর্তি ফিরে পাওয়া সম্ভব। যতই ব্যস্ততায় ভরা দিন হোক না কেন, নিজের জন্য একটু সময় আমি বের করে নিই।
প্রিয়জনের সঙ্গে থাকলে মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে বলে দাবি অভিনেত্রীর। তার কথায়, নিজেকে ওই সময় পরিপূর্ণ মনে হয়, শান্তি পাওয়া যায়। সে সময় বিচ্ছিন্নতার বোধ বা তাড়া থাকে না। তবে কার সঙ্গে সময় কাটাচ্ছি, সেটা খুব গুরুত্বপূর্ণ।
অথচ, এই গুরুত্বপূর্ণ সময়গুলোই মানুষ এড়িয়ে যায়। অভিনেত্রী মনে করেন, এই সময়টুকু বের করে নিতে পারলে পূর্ণ আনন্দের একটি অংশকে নিজের করে নেওয়া যেতে পারে।
চলতি বছর জানুয়ারিতে মুক্তি পেয়েছিল ক্যাটরিনার ছবি ‘মেরি ক্রিসমাস’। বিজয় সেতুপতির সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী। এর পর আসতে চলেছে ‘জি লে জারা’। এ ছবিতে ক্যাটরিনার সঙ্গে দেখা যাবে আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়াকে।
জন্মদিনে চমক, ‘ধুম ৪’-এ মুখ্য চরিত্রে রণবীর কাপুর! 