দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

আশুলিয়ায় বন্ধ ১৯ কারখানা, খোলার দাবিতে বিক্ষোভ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম

আশুলিয়ায় বন্ধ কারখানা খোলার দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। রবিবার (২৯ সেপ্টেম্বর) বন্ধ কারখানা খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায় তারা।

এ সময় আশুলিয়ার পলাশবাড়ি ও কাঠগড়া এলাকায় শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন শ্রমিক। এ ঘটনায় ৭ জনকে আটকসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাগুলোর সামনে নিরাপত্তা জোরদার করেছে যৌথবাহিনী।

সংঘর্ষের ঘটনায় শিল্পাঞ্চলের টঙ্গাবাড়ী, জিরাবো, কাঠগড়া, পুকুরপাড়, ও জামগড়া এলাকার অন্তত ৪০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

জানা যায়, আওয়ামী লীগ সরকারের সাবেক দুই সংসদ সদস্যের মালিকানাধীন দুটি কারখানাসহ ১৯টি কারখানা এখনও বন্ধ। রবিবার এসব বন্ধ কারখানা খুলে দেওয়াসহ বিভিন্ন দাবি আদায়ে কর্মসূচি পালন করে পোশাক শ্রমিকরা।

বর্তমানে শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন মন্ডলের মালিকানাধীন মন্ডল নিটওয়্যার লিমিটেড।  এছাড়া জামগড়া এলাকায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর মালিকানাধীন এনভয় গ্রুপের কারখানা বন্ধ রাখা হয়েছে।

সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে কারখানাটির শ্রমিকরা জড়ো হয়ে রাস্তায় বের হলে শিল্পাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে দ্রুত যৌথ বাহিনী মোতায়েন করা হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক ম্যাঙ্গো টেক্স কারখানার একজন শ্রমিক বলেন, আমাদের মালিকপক্ষ সকল দাবি মেনে নেওয়ায় আমরা শান্তিপূর্ণভাবে কারখানায় কাজ করছিলাম। কিন্তু পার্শ্ববর্তী মন্ডল নিটওয়্যার কারখানার শ্রমিকরা আমাদের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করলে আমাদের ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘শ্রম আইনের ১৩(১) ধারায় ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এবং ৭টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কয়েকটি জায়গায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ভাঙচুর করায় বাইপাইল আব্দুল্লাহপুর সড়কের জামগড়া, টঙ্গাবাড়ি ও বিশমাইল জিরাবো সড়কের কাঠগড়া ও পুকুরপাড় এলাকার অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্প পুলিশ, র‌্যাব, বিজিবি ও এপিবিএনসহ সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত