সিটি চালাতে প্রশাসকের নেতৃত্বে কমিটি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৮ এএম

কাউন্সিলরদের অপসারণের পর এবার সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনার জন্য কমিটি গঠন করে দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ কমিটির নেতৃত্বে সিটি করপোরেশনের প্রশাসক এবং সদস্য সচিব হিসেবে থাকছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। ঢাকা উত্তর ও দক্ষিণের জন্য ২৫, সব বিভাগীয় শহরের সিটি করপোরেশনের জন্য ২১ এবং বিভাগীয় শহরের বাইরের করপোরেশনের জন্য ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

দেশের ১৩টি সিটি করপোরেশনের জন্য গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এটি গতকাল রবিবার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫(ক)(২) মোতাবেক সরকার কর্তৃক কমিটি গঠন করে দেওয়া হলো। কমিটির সদস্যরা সিটি করপোরেশনের প্রশাসকের কর্ম সম্পাদনে সহায়তা করবেন। একই সঙ্গে কমিটির সদস্যরা কাউন্সিলরের দায়িত্ব পালন করবেন। কমিটির সদস্যরা ৫ হাজার টাকার বেশি সম্মানী পাবেন না এবং অন্য কোনো আর্থিক সুযোগ-সুবিধাও প্রাপ্য হবেন না।’

এদিকে সিটি করপোরেশন পরিচালনায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত বা যুগ্ম কমিশনার পদমর্যাদার একজন প্রতিনিধি, সদস্য পদমর্যাদার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি, সদস্য পদমর্যাদার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্সের উপব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের সদস্য, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের অতিরিক্ত নির্বাহী পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক, বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগে পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক, তিতাস গ্যাসের পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক সদস্য হিসেবে থাকবেন।

বিভাগীয় শহরের সিটি করপোরেশনগুলোর (চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ) জন্য বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ২১ সদস্যের এবং বিভাগীয় শহরের বাইরের সিটি করপোরেশনগুলোতে (গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা) ১৭ সদস্যের কমিটি করা হয়েছে। এর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে দেশের সিটি করপোরেশনগুলোয় মেয়র ও কাউন্সিলর শূন্যতা দেখা দেয়। ফলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গত ১৯ আগস্ট মেয়রদের অপসারণ এবং প্রশাসক নিয়োগ দেওয়া হয়। গত ২৬ সেপ্টেম্বর কাউন্সিলরদের অপসারণের নির্দেশনা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত