তৃপ্তি দিমরির মা হচ্ছেন মাধুরী দীক্ষিত! 

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৫:১৩ পিএম

সুরেশ ত্রিবেণী পরিচালিত একটি নতুন ছবিতে মাধুরী দীক্ষিত এবং তৃপ্তি দিমরি  একসঙ্গে কাজ করবেন বলে জানা গেছে। মিডডে-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ছবিতে মা- মেয়ের জুটি হিসেবে দেখা যাবে দুই অভিনেত্রীকে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ছবিতে নায়ক হিসেবে কে থাকবেন তা এখনও চূড়ান্ত করা হয়নি, তবে ছবিটির শ্যুটিং ২০২৫-এ গ্রীষ্মে শুরুর দিকেই হবে বলে আশা করা যাচ্ছে।

যদিও ছবিটির নাম কী হবে সেই সম্পর্কে বিশদ কিছু জানা যায়নি। প্রতিবেদন অনুসারে ছবির নাম কী হবে তা ঠিক না করা হলেও, ছবিটি কী ধরনের হবে তা জানা গেছে। মূলত এই ছবি অ্যাকশন থ্রিলার ধর্মী হবে বলে খবর।

অন্যদিকে, তৃপ্তির ‘ব্যাড নিউজ’ দর্শকদের মনে সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। এর প্রভাব পড়েছিল বক্স অফিসেও। বক্স অফিসেও ছবিটি ভালো ফল করতে পারেনি। এমনকি ওটিটিতে মুক্তির পরেও, সিনেমাটি সমালোচনার মুখে পড়ে।

তবে মাধুরী দীক্ষিত তৃপ্তি দিমরির 'বুলবুল' এবং 'কালা'- তে তার দুর্দান্ত অভিনয় দেখে মুগ্ধ। তাই তৃপ্তি সঙ্গে এই নতুন কাজের অংশ হতে তিনি আগ্রহী। ছবিতে তাদের দু'জনকেই গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যাবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, তৃপ্তি দিমরিকে সামনে 'ভুল ভুলাইয়া ৩'- এ কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে। ছবিতে বিদ্যা বালানকেও দেখা যাবে। ইতিমধ্যেই ছবির টিজার প্রকাশ্যে এসেছে, সেখানে বিদ্যা ও তৃপ্তিকে দেখা গিয়েছে। ছবিটি চলতি বছরের দীপাবলিতে মুক্তি পেতে চলেছে। তাছাড়াও খবর এই ছবিতে নাকি বিশেষ ভূমিকায় দেখা যাবে মাধুরী দীক্ষিতকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত