সেঞ্চুরির দিনে জ্যোতির স্বপ্ন

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৪:৩০ পিএম

নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এ পর্যন্ত ৩৬ জন ক্রিকেটার পেরিয়েছেন ম্যাচ সংখ্যায় সেঞ্চুরির মাইলফলক। ৩৭তম ক্রিকেটার হিসেবে কাল স্কটল্যান্ডের বিপক্ষে নারী বিশ্বকাপ ২০২৪ এর উদ্বোধনী ম্যাচে নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনিই প্রথম বাংলাদেশী নারী ক্রিকেটার হিসেবে গড়তে যাচ্ছেন সেঞ্চুরির এ কীর্তি। এছাড়া সর্বোচ্চ ৯৫টি ম্যাচ খেলেছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন।

নিজের অনুভুতি ব্যক্ত করতে গিয়ে জ্যোতি বলেন, ‘১০০তম ম্যাচ খেলার অনুভুতিটা অন্যরকম। আমি যেমন অনেক খুশি তেমনি অবাকও। এই সেদিন শুরু করলাম আর দেখতে দেখতে একশ ম্যাচ হতে যাচ্ছে। আমি সবচেয়ে আনন্দিত হবো যদি এই শততম ম্যাচে বাংলাদেশের জয়ের অবদান রাখতে পারি তাহলে।’

জ্যোতির শততম ম্যাচটি দিয়েই এবারের বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে। বিশ্বকাপ নিয়ে নিজের প্রত্যাশার কথা বলেছেন অধিনায়ক, ‘আমি বলবো যে পুরো টিমের জন্যই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এ কারণে যে, আর আগে আমরা যতবেশি বিশ্বকাপ খেলেছি, শুধু ২০১৪ আসর ছাড়া আমরা আর কোনোটিতেই বলার মতো কিছু করিনি। তাই আমরা চাই এ বিশ্বকাপটি আমাদের জন্য যেন গোণায় ধরার মতো এবং একই সঙ্গে স্মৃতিপূর্ণ হয়। আগের আসরগুলো হতাশাজনক হলেও এবার আমরা সেই দুঃখগুলো ঘোঁচাতে চাই এবং আগামীকালের ম্যাচে জয় দিয়ে শুরু করতে চাই।’

দলের সার্বিক অবস্থা সম্পর্কে এ উইকেটকিপার-ব্যাটার বলেন, ‘আমাদের দল যেভাবে খেলে আসছে এবং শেষ দুটো ওয়ার্ম আপে যেভাবে খেলেছে সেখানে সবাইকে ভালো একটা শেপে দেখেছি। সবার যেমন এনার্জি, ম্যাচ জেতার ক্ষুধা এবং প্রত্যেকের আরেকজনকে ব্যাক করার যে তাড়না- সবকিছু মিলিয়ে চিন্তা করলে টিম একটি ভালো অবস্থানে আছে। স্কটল্যান্ডের বিপক্ষে নামতেও সবাই প্রস্তুত। তাই জয়ের জন্যই আমরা মাঠে নামবো।’

প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিশ্বকাপে অভিষেক হলেও সতর্ক বাংলাদেশ। জ্যোতির ভাষায়, ‘স্কটল্যান্ডের বিপক্ষে আমাদের শতভাগ জয় থাকলেও এখানে কোনো দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সবাই এখানে জিততে এসেছে। আমরা একটা একটা করে ম্যাচ ধরেই এগোবো এবং যেভাবে স্কটল্যান্ডকে হারানো যায় সেই পরিকল্পনা নিয়েই ভাববো।’

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সাথী রানি, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, সুলতানা খাতুন, সোবহানা মুশতারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার ও রাবেয়া খান।

স্কটল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড

ক্যাথরিন ব্রাইস (অধিনায়ক), সারাহ ব্রাইস, অ্যালিসা লিস্টার, অলিভিয়া বেল, ডারসি কার্টার, ক্যাথেরিন ফ্রেজার, সাসকিয়া হরলি, আবতাহা মাকসুদ, র‌্যাচেল স্লেটার, ক্লোই অ্যাবেল, অ্যাবি অ্যাইটকেন- ড্রামোন্ড, প্রিয়ানাজ চ্যাটার্জি, লরনা জ্যাক, মেগান ম্যাকল ও হাননাহ রেইনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত