চট্টগ্রামের আনোয়ারায় দেয়াঙ পাহাড় থেকে উদ্ধার সেই নারীর মরদেহের পরিচয় মিলেছে। ওই নারীর আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে ওই নারীর স্বজনরা তার পরিচয় নিশ্চিত করেন।
আজ শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এ তথ্য জানিয়েছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত ওই নারীর নাম আমেনা বেগম (৩৩)। তার বাবার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার নাগেরকান্দি এলাকায়। তিনি ওই এলাকার কামাল উদ্দিনের মেয়ে। বেশ কিছু দিন ধরে দ্বিতীয় স্বামীর সঙ্গে চট্টগ্রাম নগরীর বলুয়ার দীঘির পাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন আমেনা। গত ১ সেপ্টেম্বর বেড়ানোর কথা বলে আমেনাকে আনোয়ারায় নিয়ে যান তার স্বামী। এরপর থেকে আমেনার সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে আনোয়ারা থানায় একটি মামলা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।
গত বৃহস্পতিবার দুপুরে উপুজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় দেয়াঙ পাহাড়ে অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক
১০ বছরে ট্রেনে কাটা পড়ে নিহত ৩৪৮