স্বৈরাচারদের বিচার না হলে এদেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা।
আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের আমান উল্যাহপুর আয়েশা দাখিল মাদরাসায় বন্যার্ত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, গত ১৭ বছর ধরে গণতন্ত্র ও দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করছে বিএনপি। এ সময় বিএনপির হাজার হাজার নেতাকর্মী হামলা-মামলা, গুম ও খুনের শিকার হয়েছেন। যারা এসব অপকর্মের সাথে জড়িত, তাদের গ্রেপ্তার ও বিচার করতে হবে। স্বৈরাচারদের বিচার না হলে এই দেশে গণতন্ত্র থাকবে না। গণতন্ত্র হুমকির মুখে পড়বে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি, দেশের মানুষের পক্ষে যেমন কাজ করতে হবে, তেমনি হায়েনা ও খুনি স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসদের বিচার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন। পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র রয়ে গেছে। ভারতে বসে তিনি দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্রের পেছনে রয়েছে দেশ থেকে পাচার করা কোটি কোটি টাকা। ওইসব টাকা দিয়ে ষড়যন্ত্র করছে স্বৈরাচার হাসিনা ও তার দোসররা। সবাইকে সজাগ থাকতে হবে। কোনও ষড়যন্ত্রেই কাজে আসবে না। এদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।
বিএনপির সাবেক এই সংসদ সদস্য আরো বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপির নেতাকর্মীরা। ত্রাণ থেকে শুরু করে এখন ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, যাতে দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে পারে। যে লড়াইয়ে আমরা অবতীর্ণ হয়েছিলাম সেই গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লড়াই এখনো শেষ হয়নি।
জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা অ্যাডভোকেট হাসিবুর রহমান, অ্যাডভোকেট হাফিজুর রহমান, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, আনোয়ার হোসেন বাচ্চু ও ড্যাবের স্থানীয় চিকিৎসকরা এসময় উপস্থিত ছিলেন।
পাহাড় থেকে উদ্ধার সেই নারীর মরদেহের পরিচয় মিলেছে
তারুণ্য ধরে রাখতে গ্রিন ডায়েট