৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা 

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৮:৩৩ পিএম

সক্রিয় মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে গত দুই দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ঝরছে। ফলে তাপমাত্রা কমে কিছুটা স্বস্তি বিরাজ করলেও বেড়েছে ভোগান্তি। দেশের ৮ বিভাগে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অফিসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত