হিন্দু ভাইদের সংখ্যালঘু বলতে চাই না: আমিনুল হক

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৮:১৫ পিএম

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্যসচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী স্বৈরাচাররা বলেছিল- আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে তাদের ৫ লক্ষ লোক মারা যাবে। কিন্তু ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী স্বৈরাচার সরকারের পতনের পর একটা লোকও কিন্তু তাদের মারা যায়নি।

আজ শনিবার (৫ অক্টোবর) বিকেলে পল্লবী এ ব্লক বাউনিয়াবাঁধ খেলার মাঠে শহীদ মকবুল স্মৃতি আন্ত বাউনিয়াবাঁধ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ধ্বংসাত্মক রাজনীতি করে না, গুম-খুন-হত্যার রাজনীতি করে না। বিএনপি সম্প্রীতির রাজনীতি করে, অসাম্প্রদায়িক রাজনীতি করে। আওয়ামী লীগ গত ১৭ বছরে বাংলাদেশের মানুষের ওপর জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার, বাক স্বাধীনতা হরণ করেছে। অসংখ্য মানুষকে গুম, খুন ও হত্যা করেছে।

আমরা হিন্দু ভাইদের সংখ্যালঘু বলতে চাই না উল্লেখ করে আমিনুল হক বলেন, হিন্দু ভাইয়েরা তারা আমাদের বন্ধু, ভাই ও প্রতিবেশী। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজায় হিন্দু ভাইদের পাশে থেকে তাদের সহযোগিতা করতে হবে।

আমিনুল হক বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার তার ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখতে দেশের যুবসমাজকে মাদকে আসক্ত করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তারেক রহমানের নির্দেশে আগামীদিনের একটা সুন্দর বাংলাদেশ গড়তে আমরা কাজ করছি। যুবসমাজকে মাদককের ছোবল থেকে বেরিয়ে আনতে তাদের খেলাধুলার মধ্যে সম্পৃক্ততার ভিক্তিতেই আমরা একটা মাদকমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে পারব।

৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইব্রাহিম খলিলের আয়োজনে পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত