'যুগে যুগে দেশে দেশে স্বৈরাচারী সরকার হটাতে বৈষম্যবিরোধী আন্দোলন অনুপ্রেরণা যোগাবে। ছাত্র-জনতার এই আন্দোলন শুধু এদেশে নয়, বিশ্বব্যাপী বৈষম্যের শিকার অধিকার বঞ্চিতদের আলোকবর্তিকা। এই বিপ্লব কেবল একটি মানচিত্রে সীমাবদ্ধ এমনটিই নয়, এই সফলতা বিশ্বব্যাপী সমাদৃত'।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবের কনফারেন্স হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকারের হাতে নিহত শহীদদের স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন বক্তারা।
বক্তারা বলেন, ৩৬ জুলাই আমাদের অনুপ্রেরণা। এই আন্দোলনের সফলতা অর্জন ধরে রাখতে ও দেশের ২য় স্বাধীনতা রক্ষায় ও স্বৈরাচারী সরকারের প্রেতাত্মাদের সকল অপচেষ্টা রুখতে দেশপ্রেমিক জনতাকে জাগ্রত থাকার আহ্বান জানান।
প্রেস ক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ ও সদস্য মু. ইমাদ উদ দীনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি ডা. ছাদিক আহমদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমান, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক আজাদুর রহমান আজাদ, ইমজার সভাপতি তমাল ফেরদৌস দুলাল, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, মো. শাহজাহান মিয়া, আব্দাল মাহবুব কোরেশী, আব্দুল ওয়াদূদ, দুরুদ আহমদ, আব্দুল কাইয়ুম, সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, আহত শিক্ষার্থীদের অভিভাবক মো. ইউছুফ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রতিনিধি ও সক্রিয় আন্দোলনকারী শিক্ষার্থী কারা নির্যাতিত ছাত্রনেতা ও আনন্দ পাঠশালার প্রতিষ্ঠাতা মো. আব্দুস ছালাম, আন্দোলনে গুলিবিদ্ধ আহত শিক্ষার্থী আরিফ আহমদ, জাকারিয়া হোসেন ইমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহযোগিতাকারী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা কমিটির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. নিয়ামুল হক প্রমুখ।
সভার শুরুতে আন্দোলনের নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন জামেয়া দ্বীনিয়ার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মামদূদ আহমদ রাফিদ, জেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাসান আহমদ।
সভায় আন্দোলনের সময় জেলাজুড়ে ছাত্রজনতার মধ্যে আহতদের খোঁজখবর ও চিকিৎসা সহায়তাসহ ও মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। এ ছাড়া আহত ও নিহত ছাত্রজনতার পক্ষ থেকে দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও প্রতিবেশী দেশসহ দেশের মধ্যে থাকা জালিম সরকারের সহযোগিতাকারীদের নানা ষড়যন্ত্র রুখে দিতে দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানানো হয়।
