স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম বলেছেন, জুলাই আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসার জন্য বিভিন্ন দেশ থেকে অভিজ্ঞ চিকিৎসক আনা হচ্ছে। দেশের হাসপাতালগুলোতেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এসব রোগীদের কেউ চিকিৎসা নিতে গিয়ে দুর্নীতির শিকার হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ শনিবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে আহত রোগীদের দেখতে গিয়ে একথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানে আহত হয়ে এখনও এই হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪ জন রোগী। আন্দোলনের সকল রোগীদের চিকিৎসার বিষয়ে চীন ছাড়াও নিয়মিত কথা হচ্ছে রাশিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইউএসএ ও জাপানের চিকিৎসকদের সঙ্গে। তারা এসে রোগীদের এতদিন চলা চিকিৎসা হান্ড্রেড পার্সেন ঠিক আছে বলেও জানিয়েছেন। এ ছাড়া যাদের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কর্নিয়া প্রতিস্থাপনের বিষয়ে একটি সংস্থার সাথে আলোচনা হচ্ছে। তারা ৪০টি কর্নিয়া দেবেন। যা পরবর্তিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে প্রতিস্থাপিত করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে অনেকক্ষেত্রেই ভোগান্তি ও আর্থিক অনিয়মের শিকার হচ্ছেন অনেক রোগী। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেঙ্গুতে মৃত্যু গতবারের চাইতে এবার কম। তবে কোনো মৃত্যুই কাম্য না। এটি প্রতিকারে সব ধরনের প্রস্তুতি ও চেষ্টা অব্যহত রয়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স বাড়ানো হয়েছে।
