নড়াইলের লোহাগড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইবাদুল ইসলাম মিথুন (৩০) নামে এক শিক্ষা কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-নড়াইল মহাসড়কের মাইটকুমড়া-কালনা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইবাদুল ইসলাম মিথুন লোহাগড়া পৌরসভার কুন্দসী গ্রামের বিলায়েত শিকদারের ছেলে। তিনি গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক পদে চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে লোহাগড়া থেকে ভাটিয়াপাড়া মোড়ে যাচ্ছিলেন শিক্ষা কর্মকর্তা মিথুন। মাইটকুমড়া-কালনা মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ইবাদুল ইসলাম মিথুন নিহত হন। এছাড়া, আজাদ শেখ নামে অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
