ঈশ্বরগঞ্জে চুরি-ছিনতাই নিয়ন্ত্রণে পুলিশের 'হোন্ডা মোবাইল' টিম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৫:১৯ পিএম

‘থামছে না চুরি-ছিনতাই বাড়ছে খুন নির্যাতন’__এই শিরোনামে গত শনিবার (৫ অক্টোবর) দেশ রূপান্তর পত্রিকার ৯-এর পাতায় সংবাদ প্রকাশের পর ওইদিন রাতেই চুরি-ছিনতাই নিয়ন্ত্রণে বিশেষ একটি 'হোন্ডা মোবাইল' টিম গঠন করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, সপ্তাহে কয়েকদিন বিকেল ও সন্ধ্যায় পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে টহল দিবে এই হোন্ডা মোবাইল টিমের সদস্যরা। পাশাপাশি বিভিন্ন বিষয়ে তারা জনগণকে সচেতন করবেন।

এ দিকে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, এতে উপজেলাবাসীর মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে। আতঙ্কে থাকবে চোর-ছিনতাই চক্র। অপরদিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে যানজট নিয়ন্ত্রণেও এই হোন্ডা মোবাইল টিমকে কাজে লাগানোর দাবি জানিয়েছেন অনেকেই।

এ প্রসঙ্গে ওসি মো. ওবায়দুর রহমান বলেন,'ঈশ্বরগঞ্জ থানার বিভিন্ন এলাকার মাদক, চুরি-ছিনতাই, জুয়া ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণের জন্য থানার সকল অফিসার ফোর্সের সমন্বয়ে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় গত শনিবার রাতে হোন্ডা মোবাইল পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে পুরো উপজেলায় এই টিমের অভিযান অব্যাহত থাকবে। আমি আসার পর চুরি-ছিনতাইসহ অন্যান্য পাঁচটি মামলা হয়েছে। আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত