১৬ বছর ধরে নিজের চুল ছিঁড়ে খাচ্ছেন তরুণী

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৮:৩০ পিএম

নিজের চুল ছিঁড়ে নিজেই খাচ্ছিলেন। প্রায় ১৬ বছর ধরে নিজের চুল খাচ্ছিলেন তিনি। পেটের মধ্যে জমে ছিল প্রায় দুই কেজি চুল। সম্প্রতি অস্ত্রোপচার করে সেই চুল বের করতে হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বেরেলিতে। একুশ বছর বয়সী ওই তরুণী রাপুনজেল সিনড্রোম নামে এক বিরল মানসিক অসুস্থতায় ভুগছেন। 

সেই মানসিক সমস্যা থেকেই গত ১৬ বছর ধরে নিজের মাথার চুল ছিঁড়ে খাচ্ছিলেন তিনি। তরুণীর পাকস্থলীতে দলা পাকিয়ে জমে ছিল চুল। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে সেই তরুণী শক্ত কোনো খাবারই আর খেতে পারছিলেন না। কিছু খেতে গেলেই বমি হচ্ছিল। গত ২০ সেপ্টেম্বর তার সিটি স্ক্যান করানো হয়। তাতেই ধরা পড়ে বিষয়টি।

পরিস্থিতি বিবেচনা করে ডাক্তাররা দ্রুত চিকিৎসার পরামর্শ দেন। হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, পাঁচ বছর বয়স থেকে চুল খাওয়ার অভ্যাস রয়েছে ওই তরুণীর। সম্প্রতি অস্ত্রোপচার করে তার পেট থেকে প্রায় দুই কেজি চুল বের করা হয়েছে।

রোগীর পরিবারের লোকেরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ওই তরুণীর চুল ছেঁড়ার অভ্যাস রয়েছে। তবে সেই চুল খাওয়ার অভ্যাসটি তারা কেউ জানতেন না। সম্প্রতি পেটে অসহ্য যন্ত্রণা বোধ করায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেই সময় সিটি স্ক্যান করাতেই ধরা পড়ে পাকস্থলীতে চুল জমে থাকার বিষয়টি। অস্ত্রোপচারের পর আপাতত তিনি সুস্থ রয়েছেন। তবে চুল খাওয়ার অভ্যাস দূর করতে হাসপাতালের মনোরোগ বিভাগের চিকিৎসক বর্তমানে তার কাউন্সেলিং করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত