গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরের ভেতরে আড়ার সঙ্গে স্বামীর মরদেহ ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রীর মরদেহ বিছানায় পাওয়া যায়। খবর পেয়ে গতকাল রবিবার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মারা যাওয়া দম্পতি হলেন গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল নয়াপাড়া এলাকার মৃত সোহাগ মিয়ার মেয়ে পারভীন আক্তার (৩২) ও তার স্বামী বাইমাইল নয়াপাড়া এলাকার রুকু মিয়ার ছেলে জালাল মিয়া (৪২)। জালাল পারভীনের দ্বিতীয় স্বামী। তিনি এলাকায় ভাঙাড়ির ব্যবসা করতেন।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আহবারউজ্জামান জানান, লাশ উদ্ধারের সময় ভেতর থেকে ঘর বন্ধ ছিল। প্রতিবেশীরা জানিয়েছেন, এ দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার রাত ২টার পর পারিবারিক কলহের জের ধরে বিষাক্ত কিছু পান করে প্রথমে স্ত্রী আত্মহত্যা করেন। তারপর স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে স্বামী ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। ময়নাতদন্ত রিপোর্ট পেলে তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
