দলের সঙ্গে না গিয়ে গলফ খেলে বেড়াচ্ছেন অ্যান্ডারসন

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৯:৫৯ এএম

ইংল্যান্ডের ক্রিকেটাররা ব্যস্ত মুলতানে অনুশীলনে। কারণ আজ থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। কিন্তু কাল রবিবার অবধি দলের সঙ্গে ছিলেন না ইংলিশ বোলিং মেন্টর জেমস অ্যান্ডারসন। এমনকি মুলতান টেস্টের প্রথম দিনেও তাকে পাওয়া যাবে না।

দলের সঙ্গে পাকিস্তানে না যাওয়া অ্যান্ডারসন ব্যস্ত গলফ নিয়ে। খেলছেন ইউরোপিয়ান ট্যুরের বড় টুর্নামেন্ট আলফ্রেড ডানহিল লিংকস চ্যাম্পিয়নশিপে।

ইংল্যান্ড দল যখন বিদেশ সফরে, বোলিং কোচ কেন স্কটল্যান্ডে গলফে ব্যস্ত—এ নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের ক্রিকেটপ্রেমীরা। প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইংল্যান্ড দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামকেও।

এ নিয়ে প্রশ্ন করা হলে ম্যাককালাম অবশ্য রসিকতার সুরেই ‘দুশ্চিন্তাহীন’ প্রতিক্রিয়াই দিয়েছেন, ‘সে মনে হয় (সিরিজ) খুব বেশি একটা মিস করতে পারবে না। কারণ, গলফে ও খুব বাজে। তবে একটা ব্যাপার হচ্ছে, দুই মাস আগেও আপনারা ওকে কোচ হিসেবে মানতে পারছিলেন না। আর এখন ওকে মিস করতে শুরু করেছেন। এই সংক্ষিপ্ত সময়ে অ্যান্ডারসন খেলোয়াড় থেকে কোচে রূপান্তরিত হয়ে যে ভালো প্রভাব ফেলতে পেরেছে, এটা (প্রশ্ন তোলা) তার বড় প্রমাণ।’

৪২ বছর বয়সী অ্যান্ডারসন জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। দুই দশকের অভিজ্ঞ এই পেসারকে এরপর দলের সঙ্গে মেন্টর হিসেবে কাজ করার দায়িত্ব দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ম্যাককালামের মতে, অ্যান্ডারসন না থাকলেও দলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। দূরে থাকলেও ভূমিকা রাখতে পারবেন জিমি, ‘আমরা এখন এমন এক বিশ্বে বসবাস করি, যেখানে সামনাসামনি না থেকেও যোগাযোগ করা যায়।’

বর্তমানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৪ নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড। আগামী জুনে ফাইনাল খেলতে হলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতা বেন স্টোকসদের জন্য খুব দরকারি। এমন একটি সিরিজ শুরুর সময় বোলিং মেন্টর অ্যান্ডারসনের না থাকাটা দলকে ভোগাতে পারে বলে শঙ্কা অনেকের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত