মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মো. মুক্তাকিম বিল্লাহ হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।
রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাতে শাহ-আলী থানার প্রিয়াংকা হাউজিং এলাকা হতে শাহ আলী থানার সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন শাহ আলী থানার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
রাজধানীর মিরপুর-১০ এলাকায় মো. মুক্তাকিম বিল্লাহ হত্যার ঘটনায় গত ৫ অক্টোবর মিরপুর মডেল থানায় একটি মামলা হয়। মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ এলাকায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মো. মুক্তাকিম বিল্লাহ মাথায় গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত মুক্তাকিমকে প্রথমে কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতাল ও পরবর্তীতে মিরপুর মাজার রোডের গ্লোভাল স্পেশালাইজড হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মুক্তাকিম বিল্লাহ হত্যায় জড়িত মো. আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
