চুরি করতে গিয়ে দরজায় আটকে যুবকের মৃত্যু

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৬:৪৩ পিএম

রাজধানীর ওয়ারীর টিপু সুলতান রোডের একটি বাসায় চুরি করতে গিয়ে দরজার ফাঁকে আটকা পড়ে ফরুক (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, ওই যুবকের নিজেদের বাড়ি গেন্ডারিয়ার শাহ সাহেব লেনে। ২৫ বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন তিনি। মূলত ভবঘুরে ও মাদকাসক্ত ছিলেন তিনি।

এসআই জানান, রবিবার দিবাগত রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময় টিপু সুলতান রোডের একটি পরিত্যক্ত বাড়িতে গিয়েছিলেন চুরি করতে। সেখানে দরজার মাঝে আটকা পড়েন ফারুক। দেখতে পেয়ে স্থানীরা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রথমে তার পরিচয় সনাক্ত না হলেও পরবর্তিতে স্থানীয়দের সহায়তায় তার নাম ঠিকানা জানা যায়। তার বাবার নাম শফিকুল ইসলাম। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এসআই শফিউল আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত