দেশেই অবসরের 'ভালো সম্ভাবনা' সাকিবের

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৫২ পিএম

ভারতে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানিয়েছিলেন, টি-টোয়েন্টি ক্যারিয়ারে দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছেন বিশ্বকাপে। টেস্টে ইতি টানতে চান দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে।

কিন্তু নিরাপত্তার প্রশ্নে সাকিবের দেশে ফেরা নিয়েই অনিশ্চয়তা দেখা দেয়। দেশে ফিরতে এবং পুনরায় দেশ ছাড়তে নিরাপত্তা চেয়েছিলেন সাকিব। গেল ৫ আগস্ট আওয়ামী সরকার পদত্যাগ করে। পরবর্তী সময়ে সাকিবের নামে হয় হত্যা মামলা। সাকিব সবশেষ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এমপি হয়েছিলেন।

এর আগে অলরান্ডার সাকিবের বিষয়ে বিসিবি সভাপতি বলেছিলেন, সাকিবকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই। তবে সাকিব ইস্যুতে আজ সোমবার বিসিবির মিটিং শেষে ইতিবাচক কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

সাকিব বিষয়ে প্রশ্নে ফারুক আহমেদ বলেন, 'হ্যাঁ, সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে, সাকিবের ভালো সম্ভাবনা আছে বাংলাদেশে অবসর নেওয়ার।'

ফারুক আহমেদ আরও যোগ করে বলেন, 'আইনি দিকটা আমি বলতে পারবো না। সেটা আসতে হবে সর্বোচ্চ পর্যায় থেকে। আমি ছোট মানুষ বোর্ড প্রেসিডেন্ট, আমার হাতে ক্ষমতা খুব কম। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকার পর্যায় থেকে আসতে হবে।'

বিসিবি সভাপতি ব্যাখ্যা করেছেন সাকিবের নিরাপত্তায় তাদের হাতে থাকা বিষয়গুলো। তিনি বলেন, 'আমাদের যতটুকু ক্ষমতা সাকিব মাঠে খেলবে, ইনডোরে যাবে এগুলার নিরাপত্তা নেওয়াটা তো আমাদের জন্য সহজ।'

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত