আবরার ফাহাদ স্মরণে ‘আগ্রাসন বিরোধী আটস্তম্ভ’ পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’। সোমবার (৭ অক্টোবর) রাজধানীর পলাশীতে এই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়।
স্মৃতিস্তম্ভের ফলকে লেখা হয়েছে, ‘অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে’। আবরার ফাহাদ তার ফেসবুক প্রোফাইলেও এই উক্তি ব্যবহার করেছিলেন। সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প-কৃষি ও নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা- এই আটটি বিষয়ের প্রতীক হিসেবে তারা আটটিস্তম্ভ বানিয়েছেন।
আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক আখতার হোসেনের বলেন, আবরার ফাহাদ একক কোনো ব্যক্তি নয়, বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। আবরার ফাহাদের খুনিদের গ্রেপ্তার করলেও বিচার প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি, অতিদ্রুত খুনিদের বিচার সম্পন্ন করতে হবে। খুনিদের মধ্যে যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরও গ্রেপ্তার হতে হবে। বাংলাদেশে কোনো দেশের আগ্রাসন চলতে দেওয়া হবে না। ভারতীয় আগ্রাসনকে বাংলাদেশ মেনে নেবে না।
এ সময় আবরার ফাহাদ হত্যার দিনকে রাষ্ট্রীয়ভাবে ‘আগ্রাসন বিরোধী দিবস’ ঘোষণার দাবি জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দীর্ঘ ৫৪ বছরের সংগ্রামে শহীদ আবরার ফাহাদ টার্নিং পয়েন্ট। আবরার ফাহাদ এই শতাব্দীর শহীদ তিতুমীর। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাতটি দাবি জানিয়েছিলাম, যার অন্যতম দাবি ছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ করা। শহীদ আবরার ফাহাদ আমাদের সার্বভৌমত্বের পক্ষে ভারতীয় আগ্রাসনে বিরুদ্ধে আগ্রাসন বিরোধী প্রতীক।
