ঝালকাঠি

প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি, সরকারি কর্মচারী সাময়িক বরখাস্ত

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১০:৫৪ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কটূক্তি করায় ঝালকাঠিতে এসএম মনিরুজ্জামান নামে এক সরকারি কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি সদর উপজেলা পরিষদের সাঁট গোপনীয় শাখার সহকারী (সিএ) হিসেবে কর্মরত।

জানা যায়, ‘জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম’ এই শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রকাশিত হয়।  সংবাদটি দৈনিকটির ফেসবুক পেজে শেয়ার করলে সিএ মনিরুজ্জামান কটূক্তি করেন।

মন্তব্যের ঘরে মনিরুজ্জামান লেখেন, ‘আগে জেলে যাবার সম্ভাবনা ছিল এখন ফাঁসি নিশ্চিত (যদি বাংলাদেশে জীবিত থাকেন)।’ বিষয়টি জেলা প্রশাসক আশরাফুর রহমানের নজরে আসলে তিনি সিএ মনিরুজামানকে সাময়িক দরখাস্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। এরপর সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন। ইউএনও বলেন, মনির ফেসবুকে একটি কমেন্ট করেছে যেটি সরকার প্রধানের বিরুদ্ধে যায়। এটি বিধি অনুযায়ী অসদাচরণ বলে গণ্য হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

উল্লেখ্য, মনিরুজ্জামান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের গোপনীয় শাখার সহকারী (সিএ) পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি ঝালকাঠি জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। মনিরুজ্জামান প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বিরূপ মন্তব্য করেন বলে জানা গেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত