সাভারে ৫ কোটি টাকার মাদকসহ গ্রেপ্তার ৩

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০২:১৫ পিএম

সাভারের প্রায় ৫ কোটি ৫২ লাখ টাকার ফেনসিডিল ও কেরু অ্যান্ড কোং-এর দেশীয় মদসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (৭ অক্টোবর) সাভারের আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- আবদিন আলী (৫৮), বিষু রহমান (৩৭) ও আলিফ (২৫) । তাদের বিস্তারিত পরিচয় পাওয়া না গেলেও তারা পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) র‌্যাব-৩ এর ডিএডি মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আমিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩০০ বোতল ফেনসিডিল ও কেরু অ্যান্ড কোং এর ১৮ হাজার বোতল মদ উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে মাদকসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা ফেনসিডিলের বর্তমান আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ও কেরুর মূল্য পাঁচ কোটি ৪০ লাখ টাকা। এসব মাদকসহ আসামিদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, আসামিদের বিরুদ্ধে মাহবুব হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত