শান-শফিক-সালমানের সেঞ্চুরি, ইংল্যান্ড কেমন করবে

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৪১ পিএম

শান মাসুদ-আব্দুল্লাহ শফিক সেঞ্চুরি করেছিলেন মুলতান টেস্টের প্রথম দিন। আজ সেঞ্চুরি করেছেন সালমান আগা। অল্পের জন্য সেঞ্চুরি পাননি সৌদ শাকিল। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৪৯ ওভার ব্যাট করে ৫৫৬ রান করেছে টস জয়ী পাকিস্তান। 

জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই ইংল্যান্ড অধিনায়ক ওলি পোপকে হারালেও জ্যাক ক্রলি (৬৪*) আর জো রুট (৩২*) কাটিয়ে দিয়েছেন ২০ ওভার। দ্বিতীয় দিন শেষে অতিথিদের স্কোর ৯৬/১। 

‘নাইটওয়াচম্যান’ হিসেবে ছয়ে ব্যাটিংয়ে নামা নাসিম শাহ প্রথম দিন শেষে শূণ্যতে অপরাজিত ছিলেন। গতকাল প্রথম সেশনে ১৯.৪ ওভার পর্যন্ত ক্রিজে কাটিয়ে দেন নাসিম! দেড় ঘণ্টার বেশি সময় ক্রিজে কাটিয়ে ৮১ বলে তাঁর ৩৩ রানের ইনিংসটি আন্তর্জাতিক ক্যারিয়ারেই সর্বোচ্চ। সৌদ শাকিলের সঙ্গে পঞ্চম উইকেটে নাসিমের ১২৯ বলে ৬৪ রানের জুটিকে পাকিস্তানের পাঁচ শ পেরিয়ে যাওয়ার ভিত গড়ে দেয়। ৮২ রান করা শাকিল সেঞ্চুরির সুবাস পেতে পেতে স্লিপে ক্যাচ দেন শোয়েব বশিরের দারুণ এক ডেলিভারিতে। তখন ব্যক্তিগত ৩৬ রানে ক্রিজে প্রায় ‘সেট’ হয়ে গিয়েছিলেন সালমান।

ক্যারিয়ারের ১৫তম টেস্টে ১০০০ রানের মাইলফলক টপকে যাওয়া এই স্পিনার অলরাউন্ডার টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরিও তুলে নেন। ইনিংসটি আরও বড় হতো, তবে অন্য প্রান্ত থেকে উইকেট পড়ে যাওয়ায় সালমান আর এগোতে পারেননি। ১০৪ রানেই অপরাজিত ছিলেন। সালমানকে ৯ম উইকেটে দারুণ সঙ্গ দিয়েছেন শাহিন আফ্রিদি। দুজনের ৮৫ রানের জুটিতে আফ্রিদির অবদান ৪৯ বলে ২৬।

তৃতীয় টেস্ট সেঞ্চুরিতে ১৫ টেস্টেই ১০০০ রান পূর্ণ করলেন সালমান আগ। ছবি: এক্স

পাকিস্তানের ১০ উইকেট সমান ভাগ করে নিয়েছেন ইংল্যান্ডের বোলাররা। স্পিনারেরা নিয়েছেন ৫ উইকেট, পেসারেরাও তা–ই। এর মধ্যে ৪০ ওভার বোলিং করে ১৬০ রানে ৩ উইকেট নেওয়া জ্যাক লিচ সেরা পারফরমার। 

ব্রেন্ডন ম্যাককালাম কোচ হয়ে আসার পর এ নিয়ে তৃতীয়বারের মতো ইংল্যান্ডের বিপক্ষে ৫০০ ছাড়ানো স্কোর হলো। আগের দুবার কিন্তু ইংল্যান্ড জিতেছে। ২০২২ সালে ট্রেন্ট ব্রিজ টেস্টে প্রথম ইনিংসে ৫৫৩ তুলেও শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছিল নিউজিল্যান্ড। একই বছর রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তান ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫৭৯ তুলেও ৭৪ রানে হেরেছিল।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান প্রথম ইনিংস: ১৪৯ ওভারে ৫৫৬ (সালমান ১০৪*, সৌদ ৮২, নাসিম ৩৩, শাহিন ২৬; লিচ ৩/১৬০, কার্স ২/৭৪, অ্যাটকিনসন ২/৯৯)।
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২০ ওভারে ৯৬/১ (ক্রলি ৬৪*, রুট ৩২*, পোপ ০; নাসিম ১/২৯, জামাল ০/১২, শাহিন ০/২৪)।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত